আমার প্রথম কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা

গণসংযোগ-পথসভায় এরশাদ উল্লাহ

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ বোয়ালখালীকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরের কথা উল্লেখ করে বলেছেন, নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা। এ সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে। নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। ব্যবসাবাণিজ্যের প্রসার হবে। ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

গতকাল রোববার বোয়ালখালীর বেঙ্গুরা ও সারোয়াতলী ইউনিয়নে পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। এই এলাকার সমস্যা নদী ভাঙনরোধে প্রকল্প গ্রহণ করা হবে। করলডেঙ্গা পাহাড়ে বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মাণ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আসক্ত করতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া রাস্তাঘাট নির্মাণ এবং মসজিদমন্দির সংস্কারে কাজ করার আশ্বাস দেন তিনি। পথসভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুজ মেহের, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, সারোয়াতলী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, জসিম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেফু, মো. আরিফ, এডভোকেট সামশুল আলম, মো. ইউনুস, মো. মহিউদ্দিন, আরিফুর রহমান প্রমুখ।

এরশাদ উল্লাহ বেঙ্গুরা টেকার দোকান, খিতাবচর আঁটতলা দরগাহ, খাজা নগর, সারোয়াতলী নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ, কনজুরি দোগা বাড়ি, শোকর আলী মাজার গেইটে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ড্রেজিং কার্যক্রমে পরিবর্তন
পরবর্তী নিবন্ধস্টেশন রোড পরিদর্শনে মেয়র, রাস্তা-ফুটপাতে দখল দেখে ক্ষোভ