ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে আজকের বিজ্ঞান মেলার স্টলে শিক্ষার্থীরা যে প্রযুক্তি প্রদর্শন করেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে কাজে লাগাতে পারলে জ্বালানি সংকট থেকে নিষ্কৃতি পাওয়া সহজ হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আজকের ক্ষুদে বিজ্ঞানীরা একদিন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের মান উজ্জ্বল করবে।
তিনি গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে সংসদে ১১৭টি বিল পাশ তারই উৎকৃষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন।
তিনি গতকাল ১১টার দিকে বিজ্ঞান মেলা উদ্বোধন শেষে শেষে ১৭টি স্টল পরিদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবিত প্রযুক্তির বিষয় শুনেন। পরে ভূমি প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ধলই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত এইচবিবি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন, সরকারহাট আর এইচডি গুমানমর্দ্দন সড়ক ভায়া সরকারহাটের (রাজা মিয়া চৌধুরী সড়ক) ভিত্তি প্রস্তর স্থাপন, আহসানউল্লাহ জহুরী সড়কের (গুমানমর্দ্দন) উদ্বোধন (মির্জাপুর–গুমানমর্দ্দন), ইজিপিপি প্রকল্পের আওতায় সুন্দরী ছড়ার পুনঃখনন কাজের উদ্বোধন (ছিপাতলী–পৌরসভা) এবং চৌধুরীহাট জিসি টু মদুনাঘাট জিসি সড়ক দাতারাম চৌধুরী সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।













