টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। এজন্য বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানকে ধন্যবাদ জানান। গত বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ক্রীড়া উপদেষ্টা এক পোস্টের মাধ্যমে এ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি লিখেন, ধন্যবাদ পাকিস্তান। খবর বিডিনিউজের।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার সামাজিক মাধ্যমে জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। তারপর এই প্রথম পদক্ষেপটি নিয়ে কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার ভাষণে শাহবাজ শরিফ বলেন, এটি খুব উপযুক্ত সিদ্ধান্ত। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।
‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ পাকিস্তান বলেছে এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি খুব উপযুক্ত সিদ্ধান্ত এটি।’
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশ রাজি না হওয়ায়, তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এই সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তারপর আসে পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পিসিবি আনুষ্ঠানিকভাবে জানাবে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের মধ্যেই এলো শাহবাজ শরিফের এই বক্তব্য। যদি পিসিবি তাদের সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে না জানায়, তাহলে ভারত–পাকিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা যেমন জিইয়ে থাকবে, তেমনি বিভিন্ন জল্পনা আর নাটকীয়তা হয়তো চলতেই থাকবে।
ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার ঘণ্টা তিনেক পরই এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় আইসিসি। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয় আইসিসির পক্ষ থেকে।












