আমাদের জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি দল ঘৃণিত অপপ্রচার চালাচ্ছে : জামায়াত

জেলা আমিরের টাকা উদ্ধার সাজানো নাটক

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতের জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি দল ঘৃণিত অপপ্রচার চালাচ্ছে। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন।

জুবায়ের বলেন, যদি ভোটের দিন হামলা অব্যাহত থাকে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবো। এছাড়া প্রতিটি সেন্টারে গণপ্রতিরোধ গড়ে তুলবো। আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদকে তাড়িয়েছি। সেই দেশ আর কখনো মাথা নত করবে না। কেউ পারবে না। যদি হামলা হয় তাহলে নির্বাচন থেকে সরে আসবেন কিনাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নই আসে না। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। কোনো অবস্থাতেই মাঠ ছাড়বো না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটি সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেবো। তিনি আরও বলেন, আমরা বডি ক্যামেরার তালিকা দেখেছি। সেখানে দেখা গেছে, কিছু কিছু আসনে অস্বাভাবিকভাবে বেশি ক্যামেরা এবং কিছু আসনে অস্বাভাবিকভাবে কম। বিএনপির অবস্থান ভালো, সেখানে কম ক্যামেরা দেওয়া হয়েছে। আর যেখানে আমাদের অবস্থান ভালো, সেখানে বেশি বেশি বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক দাবি করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনকে সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা আমীর (বেলাল উদ্দিন প্রধান) ঢাকা থেকে আজ গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটি সাজানো নাটক করেছেন। তিনি (জেলা আমীর) তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, ‘আমার ব্যবসার জন্য আমি যাতায়াত করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে।’ এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল।

জুবায়ের বলেন, অভ্যন্তরীণ বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে তিনি এই টাকা বহন করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীম সামাদ বলেছেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের কোনো সীমাবদ্ধতা নেই। বিমানবন্দরের মতো একটি নিয়ন্ত্রিত এলাকা, যেখানে খুবই সীমিত মানুষের চলাফেরা, সেখানে একটি নাটক সাজানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টাকা পরিবহন করার পরও বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি এটি সুস্থ ধারার রাজনীতি নয়। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

জুবায়ের বলেন, জামায়াতের এই নেতা অসুস্থ, তাকে নাজেহাল করা হয়েছে। তিনি এখন হাসপাতালে আছেন। আমরা সিইসিকে বলেছি, এ বিষয়টি ক্লিয়ার করা উচিত। এর ভিত্তিতে আমার দল জামায়াতে ইসলামিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জামায়াতের জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি দল ঘৃণিত অপপ্রচার চালাচ্ছে। অতীতে ফ্যাসিবাদ থাকতেও আমাদের সঙ্গে এ কাজটি করা হয়েছে। কুমিল্লা৪ আসনের এক বিএনপি নেতা বলেছেন, ট্রাক মার্কায় ভোট না দিলে হাতপা ভেঙে দেবো। এ ধরনের কথা তিনি বলতে পারেন না। আমরা সিইসিকে এটা বলেছি। তিনি বলেছেন, তাৎক্ষণিকভাবে ইসি অ্যাকশন নিচ্ছে, খোঁজখবর নিচ্ছে। নির্বাচনকে ঘিরে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। আমরা বারবার ইসিকে এ অভিযোগ জানিয়ে আসছি। তিনি আশ্বাস দিচ্ছেন। আমরা বলেছি শুধু আশ্বাস নয়, জাতি দেখতে চায় ইসি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাজির দেউড়িতে ভোটকেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধধানের শীষের অনিবার্য বিজয় রুখতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে : বিএনপি