আমাদের কথাগুলো

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

তোমার আমার কথাগুলো অর্ধেকেই থেমে যায়

কিংবা থামিয়ে দিই আমরা অজান্তেই ইদানীং !

অথচ কেন এমন করো কিংবা করি

জানা নেই কারোরই।

কথা শেষে হয়তো তুমুল ঝগড়ায় আটকে

কিংবা আকুল ভালোবাসার তৃষ্ণায়

আকণ্ঠ ডুবে যাবো দুজনা

এই ভয়ে চেয়ে রয় পলকহীন দুজোড়া চোখ,

কথা বলতে বলতে

থেমে যাই দুজনেই তাই হাসিমুখে !

খুনসুঁটির রেশে কিছু কথার সমাপ্তি

না হওয়াই ভালো হয়তো বা ,

আমাদের কথা তাই আর হয় না শেষ

কখনোই কারোরই মুগ্ধতার আবেশে !

আমি নিজেই যখন তোমার সৃষ্টি এক কবিতা,

তুমি হয়ে যাও সেই কবিতার মুগ্ধ উৎস !

অথচ তোমার জানা হয় না, জানা থাকে না,

কথার বেঘোরে, কথার আবেশে, কথার স্রোতে

কেবলই ভুলে যাও, ভুলোমনা!

আমার হাসি পায়, প্রচণ্ড হাসি,

বহু কষ্টের এই হাসি ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ মানে মানুষের হেরে যাওয়া
পরবর্তী নিবন্ধঈদ সৌহার্দ ও সমপ্রীতির প্রতীক