চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত তিন তিনবার সংসদ সদস্য থাকাকালীন আমি কোনো দুর্নীতি স্পর্শ করিনি, সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। তাই বিগত সরকারগুলো আমাকে ফাঁসানোর জন্য টেলিস্কোপ দিয়ে আমার দুর্নীতির খোঁজ করেছে কিন্তু বিন্দুমাত্র তার কোনো প্রমাণ খুঁজে পায়নি। এটাই আমার জীবনের সার্থকতা। আমি কখনো সন্ত্রাস, ভূমির দখলকারীদের প্রশ্রয় দিইনি, সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করেছি। আগামীতেও আনোয়ারা–কর্ণফুলীতে কোনো দুর্নীতিবাজ, ভূমি দখলকারী, সন্ত্রাস, চাঁদাবাজদের স্থান হবে না। তাই নির্ভয়ে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন।
হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলার আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রাহুল ধর এবং যুবদল নেতা মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার বলেন, অসামপ্রদায়িক আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট দিতে হবে। কারণ বাংলাদেশের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমপ্রদায়ের সংগঠনগুলো কেন্দ্রীয়ভাবে স্বাধীনতার পক্ষের শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়েছে। তাই আনোয়ারা–কর্ণফুলীতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে সরওয়ার জামাল নিজামকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। সুধী সমাবেশের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান উদয় কুসুম বড়ুয়া, নাজনীন নিজাম, ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, শাহওয়াজ জামাল সনি, সাংবাদিক আয়ান শর্মা, অপু বড়ুয়া, আনোয়ারা উপজেলা বিএনপি সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী, সাবেক চোরম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।












