রাঙামাটির কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীরা বলেছেন, আমরা ভোট কেন্দ্রের শতভাগ নিরাপত্তা চাই।
ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়া এবং ভোটাররা যেন তাদের কাঙ্খিত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই নিশ্চয়তার দাবি জানানোর জবাবে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, “আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। কোনো প্রার্থী সহিংসতা কিংবা ভোটারদের ভয়ভীতি দেখানোর প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেছেন, “নির্বাচনে সংঘাত বাদ দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। পাহাড়ে নির্বাচন পরিচালনা করা অনেক কষ্টের কাজ, সকলের সহযোগিতা ছাড়া কোনোভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়।”
তিনি বলেছেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। আমরা আপনাদের শতভাগ নিরপেক্ষ ভোট উপহার দেব।”
তৃতীয় দফায় আগামী ২৮ নভেম্বর কাউখালীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলায় যোগদানের পর তিনি এবারই প্রথম কাউখালী উপজেলা সফর করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, রিটার্নিং অফিসার অজয় চক্রবর্তি, মানষ মুকুর চাকমা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহীদ উল্লাহ ও সহকারী কমিশনার জামশেদুল আলম।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন, শীতবস্ত্র, শুকনো খাবার, শিশু খাবার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস ও কৃষকদের মধ্যে চাষাবাদের জন্য জেনারেটর বিতরণ করেন।













