আবেদিনের প্রথম, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের তৃতীয় জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আবেদিন ক্লাব এবং নোয়াপাড়া লায়ন্স ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আবেদিন ক্লাব ৬ উইকেটে সেবা নিকেতনকে পরাজিত করে। আবেদিন ক্লাব তাদের প্রথম দু’খেলা হারার পর এ প্রথম জয় পেলো। সেবা নিকেতন তাদের তিন খেলার তিনটিতেই পরাজিত হয়েছে। টসে জিতে সেবা নিকেতন প্রথমে ব্যাট করতে নামে। তারা ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাজ্জাদ খান ১৮,হামিম সাফায়েত ১৭,হায়দার আলী আসিফ ১৪ এবং নাবিল ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। আবেদিন ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেন চার বোলার। এরা হলেন এস এম জিমো,এ সি সরকার,এম এস সৌম্য এবং এস এস তানভী। জবাবে আবেদিন ক্লাব ১৩.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে নেয়। আবেদিন ১৫ রানে দ্রুত চার উইকেট হারালেও পরবর্তীতে সুবাহ এলাহিন এবং আবরার আনাস দৃঢ়তার সাথে ব্যাট করে দলকে জয় এনে দেন। তারা উভয়েই ৪২ রান করে অপরাজিত থাকেন। এলাহিন ২৭ বল খেলে ৪টি চার এবং ২টি ছক্কা মারেন। আবরার ৩৫ বল খেলে ৬টি চার এবং ১টি ছক্কা হাঁকান। সেবা নিকেতনের পক্ষে সাদ্দাম হোসেন ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ২৪ রান দিয়ে ১টি উইকেট পান হায়দার আলী আসিফ। প্লেয়ার অব দি ম্যাচ হন আবেদিন ক্লাবের সুবাহ এলাহিন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার শরীফ মাহমুদ পলাশ এবং সেবা নিকেতনের কাউন্সিলর শাহ জাহান আহমেদ সামি।

একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৫ উইকেটে মাদারবাড়ি উদয়ন সংঘকে পরাজিত করে। নোয়াপাড়া তাদের চার খেলার তিনটিতে জয় পেয়েছে এবং একটিতে পরাজিত হয়েছে। মাদারবাড়ি উদয়ন সংঘ তিন খেলার প্রথমটিতে জয়ের পর পরের দুটি খেলাতেই পরাজয় বরণ করেছে। গতকাল টসে জিতে মাদারবাড়ি উদয়ন সংঘ প্রথমে ব্যাট করতে নামে। ১৭.৪ ওভার খেলে ৯১ রান তুলে তারা সবাই আউট হয়ে যায়। দলের আবদুল্লাহ ২৭ বল খেলে সর্বোচ্চ ২৯ রান করেন। ১টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া রানা ১৬ বল খেলে ১৬ এবং সাদেক ১১ বল খেলে ১৩ রান করেন। রানা ২টি চার এবং ১টি ছক্কা মারেন। সাদেক ১টি ছক্কা হাঁকান। অতিরিক্ত থেকে যোগ হয় ১২ রান। নোয়াপাড়া লায়ন্সের পক্ষে আবদুল্লাহ নোমান ৩.৪ ওভার বল করে ৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। তানভীরুল ইসলাম ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ২টি উইকেট পান। এছাড়া জাহাঙ্গীর আলম ১২ রান দিয়ে এবং মো. হাসান ২১ রান দিয়ে ২টি করে উইকেট তুলে নেন। জবাবে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ১৬.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে নেয়। দলের হয়ে রাহুল দাশ ২৫ বলে ২২ রান করেন। তিনি ৪টি বাউন্ডারি হাঁকান। মো. হাসান ২৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আবদুল্লাহ নোমান ২০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। মাদারবাড়ি উদয়ন সংঘের সোহাগ ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ইফাজ ৩.২ ওভার বল করে ৮ রান দিয়ে ২টি উইকেট পান। রাব্বি পান ১টি উইকেট। ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে বিজয়ী দলের আবদুল্লাহ নোমান প্লেয়ার অব দি ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন মাদারবাড়ি উদয়ন সংঘের কোচ ফিরোজ খান এবং নোয়াপাড়া লায়ন্স ক্লাবের অধিনায়ক মো. হাসান।

পূর্ববর্তী নিবন্ধ২৮ জন নিয়ে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের ক্যাম্প
পরবর্তী নিবন্ধসাত ছক্কার রেকর্ডে সমৃদ্ধ তানজিদের প্রথম সেঞ্চুরি