সীতাকুণ্ড শীতলপুরস্থ আবুল খায়ের স্টিল মিলে হামলা ও লুটপাটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. জামাল (৩৮), রমজান আলী প্রকাশ মুন্না (২৮), মো. রনি (২০), মো. এছহাক (৪৮), আরশাদুর রহমান প্রকাশ মিজান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)। জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে ১০–১৫ জনের একটি দল আবুল খায়ের স্টিল মিলে পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় ৫ জন শ্রমিক আহত হয় এবং কারখানার আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে কারখানা কর্তৃপক্ষ ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।












