আবুধাবিতে প্রথম দিনের শান্তি বৈঠক ফলপ্রসূ, বলল ইউক্রেন

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রথম দিনের শান্তি বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। বুধবার থেকে এই আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। খবর বিডিনিউজের।

এদিন ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান আলোচক এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল প্রধান রুস্তম উমেরভ এক্সে লেখেন, প্রথম দিনের (বুধবার) আলোচনা বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ হয়েছে। বাস্তবসম্মত বিভিন্ন পদক্ষেপ এবং কার্যকর সমাধান নিয়ে মূলত আলোচনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও প্রথম দিনের আলোচনাকে ফলপ্রসূ বলেছেন। যদিও আবুধাবিতে শান্তি আলোচনা চলার মধ্যেই বুধবার ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পরিকল্পিতভাবে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে শীতের মৌসুমে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার এই হামলার প্রেক্ষাপটে আবুধাবির শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও প্রথম দিনের বৈঠক ফলপ্রসূ হওয়ার খবর এল। আবু ধাবির বৈঠকে মার্কিন আলোচক দলে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা থেকে বাস্তবসম্মত ফল আসা অপরিহার্য। তাছাড়া, এই আলোচনা শিগগিরই নতুন বন্দিবিনিময় চুক্তির পথে এগিয়ে যাক সেই আশাও প্রকাশ করেন তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণের অবশ্যই এমন বোধ করা উচিত যে পরিস্থিতি আসলেই শান্তি এবং যুদ্ধ শেষের দিকে যাচ্ছে। রাশিয়া তার সুবিধামত সবকিছু করছে এবং হামলা চালিয়ে যাচ্ছেএমন কিছুর দিকে পরিস্থিতি যাচ্ছে না। ওদিকে, রাশিয়া বলেছে, শান্তিপূর্ণ সমাধানের দ্বার খোলা। তবে কিয়েভ রাশিয়ার দাবি মেনে না নেওয়া পর্যন্ত মস্কো সামরিক হামলা চালিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘ওয়ারফেজের’ একুশে পদক আবেগতাড়িত টিপু বললেন, একদম অপ্রত্যাশিত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.১৭ কোটি টাকা