আবাহনী জুনিয়রের প্রথম ও নওজোয়ান গ্রীণের দ্বিতীয় জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ঈদের বন্ধের পর সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল ২৯ মার্চ,রোববার থেকে আবার শুরু হয়েছে। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে আবাহনী জুনিয়র এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ রাউন্ডের প্রথম খেলায় এদিন আবাহনী জুনিয়র ১০ উইকেটের বড়ো ব্যবধানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। দুই খেলায় টানা হারার পর আবাহনী জুনিয়রের এটি প্রথম জয়। অন্যদিকে লিটল ব্রাদার্স টানা তিন খেলায় পরাজিত হয়েছে। গতকাল টসে হেরে লিটল ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নামে। ১৭.৩ ওভার খেলে তারা ৮০ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মুন মল্লিক ৩৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৪ থেকে। আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। আবাহনী জুনিয়রের পক্ষে আবিদ হাসান ৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া রাশেদুল বারি ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন সায়হাম উদ্দিন, মো. রায়হান এবং মিজানুর রহমান। জবাবে আবাহনী জুনিয়র ১৬.৪ ওভার খেলে বিনা উইকেটে ৮১ রান তুলে নেয়। ওপেনার নুরুল হাসনাত ৬৫ বল খেলে ৫১ এবং অপর ওপেনার রাশেদুল বারি ৩৫ বল খেলে ৩০ রানে অপরাজিত থাকেন। বিজয়ী দলের রাশেদুল বারি প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুৃরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. হারুন এবং আবাহনী জুনিয়রের কোচ সাইদুল আলম সাইদ।

একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৯ উইকেটে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। নওজোয়ান গ্রীণ তিন খেলার দুটিতে জয়লাভ করেছে। প্রথম খেলায় তারা পরাজিত হয়েছিল। বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স প্রথম খেলায় জিতলেও দ্বিতীয় খেলায় পরাজিত হলো। গতকাল টসে জিতে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স প্রথম ব্যাট করতে নামে। ১৯.২ ওভার খেলে তারা ৭৪ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে রানা হামিদ সর্বোচ্চ ২৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।

বাকিদের কেউই দুই অংকে যেতে পারেনি। নওজোয়ান গ্রীণের পক্ষে রাফিউল আলম রুবেল ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ২টি করে উইকেট পান শফিউল আলম রায়হান এবং মো. সুহাম। ১টি করে উইকেট নেন রকিব উদ্দিন এবং গাজী আবদুস সায়েম। জবাব দিতে নেমে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ১ উইকেট খুঁইয়ে ১১.২ ওভারেই প্রয়োজনীয় ৭৫ রান তুলে নেয়। ওপেনার আইউব বাবু ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। সাদমান হোসেন ১০ রান করে রান আউট হয়ে যান। তুষার শীল ৩৭ বলে অপরাজিত ২৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। বিজয়ী নওজোয়ান গ্রীণের রাফিউল আলম রুবেল প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম রাজা এবং মো. সাইফুদ্দিন।

আজ টুর্নামেন্টের দুটি খেলায় অংশ নেবে বাকলিয়া একাদশ জুনিয়র বনাম মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব(সকাল ৯টা), সিএসসিএল ক্লাব বনাম চিটাগং রয়েল (দুপুর ১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
পরবর্তী নিবন্ধআট দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’