সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরতে হলে আবার ভারতকে হারাতে হবে, বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার এখন সেই ছক কষছেন। এই দুই দল আগামী শনিবার নামবে শিরোপা লড়াইয়ে। নেপালের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করে নিতে সেরা একাদশে সাতটি পরিবর্তন আনেন বাটলার। সব মিলিয়ে রাউন্ড রবিন লিগে দলের পারফরম্যান্সে খুশি বাটলার। আলপি আকতার হ্যাট্রিক করে ম্যাচ সেরা হন। বাটলার বলেন, ‘নেপালের বিপক্ষে যখনই খেলি, আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ করে শুরুর ১৫–২০ মিনিট। এরপর আমাদের গতি কিছুটা কমেছিল।’ ‘সাতটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। কেননা, আমার মনে হয়, আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধারণ, সুরভি রানী আসলেই ভালো করেছে। আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শিক্ষণীয় বিষয় আছে আমাদের।’ ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগে ২–০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পুনরাবৃত্তির লক্ষ্য বাটলারের। ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আশা করি, তারা সেটা দিবে।’ ‘কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই– অন্য সবকিছুই বোনাস। মেয়েরা দুর্দান্ত ভালো করেছে। আমি সত্যিই, সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট এবং আশা করি, আমরা কাজটি শেষ করতে পারব। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ হবে।’












