আবারও গ্রেপ্তার নোবেল

বিয়ের আশ্বাসে স্টুডিওতে আটকে রাখার অভিযোগ

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

এক তরুণীর করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানিয়েছেন। ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে এক তরুণীর করা মামলায় গ্রেপ্তারের পর জামিনে থাকা নোবেল ফের গ্রেপ্তার হলেন আরেক তরুণীর করা মামলায়।

পুলিশ জানিয়েছে, গেল আগস্টে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা করেন। মামলায় তরুণী অভিযোগ করেছেন যে, বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিজের স্টুডিওতে আটকে রাখেন নোবেল। এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গেল ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সেটি আমলে নিয়ে ওইদিনই নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করল ডেমরা থানা পুলিশ।

গেল বছরের ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের এক ছাত্রী, সেদিনই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে পারস্পরিক সমঝোতায় ১৯ জুন কারাগারে বসেই মামলার বাদীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। এর পরপরই জামিনে কারামুক্ত হন নোবেল। খবর বিডিনিউজের।

তবে বাদীকে বিয়ে করেও নিস্তার পাননি নোবেল, গেল ২৯ নভেম্বর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় ডেমরা থানা পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, বাদীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখতেন নোবেল। নেশাগ্রস্ত হয়ে ওই তরুণীকে মারধরও করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মত অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদের শিরোনাম হয়েছেন।

অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে ২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে এক দিনের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পান নোবেল।

২০১৯ সালে ভারতের জিবাংলা টেলিভিশনের গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। এর পরপর নানা কর্মকাণ্ডে তাকে ঘিরে সমালোচনাও বাড়তে থাকে। ২০২৩ সালেরই ২৬ এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের ‘অসংলগ্ন আচরণে’ ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছোড়ে দর্শক। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হাইব্রিড মিষ্টি কুমড়া চাষে সাফল্য