দিল্লিতে মদ বিক্রির নতুন নীতিমালা তৈরিতে দুর্নীতির অভিযোগে হওয়া এক মামলা থেকে কেন্দ্রশাসিত এলাকাটির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার ডেপুটি মণীশ সিসোদিয়াকে খালাস দিয়েছে দিল্লির এক আদালত। আবগারী নীতিতে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না, গতকাল শুক্রবার দেওয়া রায়ে আদালত এমনটাই বলেছে। খবর বিডিনিউজের।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জানিয়েছে, তারা দিল্লির আদালতের এ রায়ের বিরুদ্ধে শিগগিরই হাই কোর্টে আপিল করবে। সিবিআইয়ের দাবি, নিম্ন আদালত তাদের তদন্তের বেশ কিছু দিক হয় উপেক্ষা করা হয়েছে, নয়তো বিবেচনাতেই নেওয়া হয়নি। মামলায় এক সরকারি কর্মচারি কুলদীপ সিংকে এক নম্বর অভিযুক্ত হিসেবে রাখায় সিবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চাওয়া হবে বলেও জানিয়েছে আদালত। কিছু সন্দেহভাজনকে ক্ষমা করে পরে তাদের রাজসাক্ষী বানানোর সিবিআই তদন্ত প্রক্রিয়ারও বিচারক কড়া সমালোচনা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। ‘দিল্লি মদ নীতি মামলা’ নামে পরিচিতি পাওয়া এই কাণ্ড মুখ্যমন্ত্রীর পদে থাকাকালে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ও তার ডেপুটি সিসোদিয়াকে বেশ ভুগিয়েছে।












