আফ্রিকার নেতারা এক শান্তি মিশনে ইউক্রেনে সফর শুরু করার মধ্যেই অন্তত দুটি বিস্ফোরণে কেঁপেছে রাজধানী কিইভ। এ সময় বিমান হামলার সাইরেনও শোনা গেছে। আফ্রিকার প্রতিনিধি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালসহ কমোরোস ও মিশরের নেতারা রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। খবর বিডিনিউজের।
এই প্রতিনিধি দল গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং শনিবার সেইন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক শুক্রবার জানিয়েছেন, তিনি দু’টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কেন্দ্রীয় পোদিল এলাকায় বিস্ফোরণগুলো ঘটেছে। রাজধানীর দিকে আরও ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে বলে সতর্ক করেছেন তিনি। কিইভে থাকা রয়টার্সের আরেকজন প্রতিনিধি আকাশে দু’টি ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার রেখা দেখেছেন। তবে এগুলো রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র না ইউক্রেনের এয়ার ডিফেন্সের, তা পরিষ্কার হয়নি।
রয়টার্সের একজন টেলিভিশন ক্রু দেখেছেন, একটি গাড়িবহর যোগে কিইভে আসা আফ্রিকার নেতারা একটি হোটেলে প্রবেশ করছেন সেটির এয়াররেইড শেল্টার ব্যবহার করার জন্য। কিইভের নিকটবর্তী বুচা শহর পরিদর্শনের মধ্য দিয়ে এই নেতারা তাদের ইউক্রেন সফর শুরু করেন। ২০২২ সালে ইউক্রেইনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর রুশ বাহিনী এই বুচায় বড় ধরনের নৃশংসতা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।
আফ্রিকার শান্তি মিশন মধ্যস্থতার প্রাথমিক চেষ্টার সময় ‘আস্থা তৈরির পদক্ষেপে’ অনেকগুলো প্রস্তাব রাখতে পারে বলে কর্মপরিকল্পনার একটি খসড়া নথির বরাতে জানিয়েছে রয়টর্স, নথিটি তারা দেখেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।












