আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানে গত রাতে আঘাত হানা ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর বাসসের।শনিবার একজন সরকারি কর্মকর্তা ও আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি এতথ্য জানিয়েছে। কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরপূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এবং গভীরতা ছিল ১৮৬ কিলোমিটার। সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই ভূমিকম্পের ফলে দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। তিনি আরও জানান, কাবুল, পানজশির, লোগার, নানগারহার, লাগমান ও নুরিস্তান প্রদেশে পাঁচটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় একই পরিবারের আট সদস্য ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। দুই বছরেও কম বয়সি একটি শিশু ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আবদুল কাদিম আবরার এএফপিকে বলেন, অন্য চারজন কাবুলের পশ্চিমাঞ্চলে নিহত হয়েছে। আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পার্বত্য গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয় এবং ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা সামপ্রতিক সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রতিভাসের নাটক পাপ
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধের চাপে মন্ত্রিসভায় বড় রদবদলের কথা ভাবছেন ট্রাম্প