আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, ফের কারাগারে নোবেল

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বৃহস্পতিবার আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান। তিনি বলেন, গতকাল মামলার ধার্য দিন ছিল। জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন। তবে তিনি এর আগে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে বাদীর অনাপত্তিতে আপসের শর্তে জামিন পান নোবেল। কিন্তু অনন্যা পরে অভিযোগ করেন, ওইদিনই তাকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল। আপসের শর্ত ভঙ্গ করার অভিযোগ এনে নোবেলের জামিন বাতিলের আবেদন করার কথা তখন বলেছিলেন নোবেল। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হয়। মামলার অভিযোগে বলা হয়, নোবেল রোজকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে আত্মসাৎ করেন। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধকে এম স্পোর্টিংয়ের তৃতীয় ও আবাহনী জুনিয়রের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধপর্দায় নতুন লুকে বিপাশা হায়াত