মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাঁশখালীর ৫ নিখোঁজ ও ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার ৫ জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন—মোঃ রুবেল (৩৩), মোঃ ওসমান (১৮), মোঃ বেলাল (২৫), আজিজ (২৮) ও জামাল উদ্দিন ওরফে মানিক (২৩)। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গা। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে অভিযুক্ত ৬ দালালকে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—টেকনাফের মো. ইমরান, রাহেলা বেগম, হৃদয়, সোহান উদ্দিন, মো. আকবর, রফিকুল ইসলাম, তোফায়েল, সায়াদ আলম ও মো. হামিদ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বাঁশখালী ও কক্সবাজারের ইনানী, টেকনাফ নোয়াখালী ও রাজারছড়াসহ বিভিন্ন এলাকা থেকে ছোট নৌকায় করে যাত্রীদের গভীর সমুদ্রে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আট দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকট পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজের স্বজনরা বলেন, স্থানীয় দালাল চক্রের প্রলোভনে পড়ে তার ছেলেসহ এলাকার কয়েকজনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফে নিয়ে যাওয়া হয়। পরে তারা জানতে পারেন, যাত্রীবাহী ট্রলারটি সাগরে ডুবে গেছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তথ্যমতে, ‘তানজিনা সুলতানা’ নামের একটি বোটে করে অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রীরা ট্রলারডুবির শিকার হন।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৯ জনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমটি মেঘনা প্রাইড’ গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয় এবং টহল জাহাজ ‘মনসুর আলী’-তে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিখোঁজদের স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা ও দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।














