আমরা সবাই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবময় ও স্মরণীয়। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ আন্দোলনে অংশগ্রহণ করে এবং আত্মত্যাগের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে। আজ স্বাধীনতার বহু বছর পরেও আমরা ভাষার গুরুত্ব উপলব্ধি করি। ভাষা আমাদের চিন্তা, সংস্কৃতি ও পরিচয়ের বাহক। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি শব্দ ব্যবহার করি। এসবের বাংলা প্রতিশব্দ থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করি না। বাংলা আমাদের মাতৃভাষা। তাই এর শুদ্ধ ব্যবহার করা আমাদের দায়িত্ব। ভাষার মর্যাদা রক্ষা করা মানে নিজের সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই প্রাণ বিসর্জন দেন। তাদের এই আত্মত্যাগের ফলেই আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
অতএব, আমাদের উচিত বাংলা ভাষাকে শ্রদ্ধা করা, শুদ্ধভাবে ব্যবহার করা এবং আগামী প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা।












