আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। করাচিতে জন্ম নেওয়া সরফরাজের ২০০৭ সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। পরে ২০১০ সালে টেস্ট ও টি–টোয়েন্টিতে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি–টোয়েন্টি ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে তার রান ৬,১৬৪। আছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। উইকেটের পেছনে নিয়েছেন ৩১৫টি ক্যাচ। আর করেছেন ৫৬টি স্টাম্পিং। তিন সংস্করণ মিলিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তার অধীনে টি–টোয়েন্টিতে একসময় এক নম্বর দল হয় পাকিস্তান। এছাড়া টানা ১১টি টি–টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়েছিল দলটি। সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান।












