আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

চট্টগ্রাম বিমানবন্দর

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার(ইমিগ্রেশন), প্রত্যাশীর সিমস প্রজেক্টের ম্যানেজার সুফী মনি, ব্র্যাক মাইগ্রেশনের প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য দেশের প্রবাসী শ্রমিক, অভিবাসী ও তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দক্ষিণপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন দ্বার হিসেবে প্রবাসী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসী যাত্রীদের জন্য সেবা সহজীকরণ, যাত্রী সহায়তা জোরদারকরণ এবং তথ্যভিত্তিক সেবার প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ অতিথি বিএমইটির পরিচালক মো. মাসুদ রানা এই বিশেষ দিনে প্রবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করার প্রতি গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য ইমিগ্রেশন, কাস্টমস ও যাত্রী সেবায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের অঙ্গীকারের প্রতি জোর দেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনের সহযোগিতায় যাত্রীসেবার মানোন্নয়ন, ডিজিটাল সেবা সমপ্রসারণ এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন,ভবিষ্যতেও প্রবাসী যাত্রীদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধচবিতে চট্টগ্রাম জেলা রোভার মুট শুরু হচ্ছে কাল থেকে