আনোয়ারা ইসলামী ফ্রন্ট প্রার্থী শাহজাহানকে শোকজ

প্রতিদ্বন্দ্বীর ব্যানারের ওপর বিলবোর্ড স্থাপন

| বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১৩ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীর কাছে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনের প্রতিদ্বন্দ্বী ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী রেজাউল কাওসারের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় সংলগ্ন এলাকায় পূর্বে স্থাপিত নির্বাচনী ব্যানারের ওপর ইসলামী ফ্রন্ট মনোনীত শাহজাহানের ‘মোমবাতি’ প্রতীকের বিলবোর্ড পরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছে।

অভিযোগের সমর্থনে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে এবং তা যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে বলা হয়।

এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ৭(ঘ)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ভবনের (৩য় তলা) সিনিয়র সিভিল জজ ৩য় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে শাহজাহানকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নোটিশ দ্রুত জারি করে প্রতিবেদন কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে ভেসে উঠল অজ্ঞাত শিশুর মরদেহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে