আনোয়ারায় অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও আন্তঃজেলা গরু চুরিসহ ৯টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম চাতরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর চাতরী এলাকার মৃত আব্দুল মালেক ওরফে খুইল্যা মিয়ার ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আনোয়ারাসহ কুমিল্লার চান্দিনা, ময়মনসিংহের ত্রিশাল এবং চট্টগ্রামের মীরসরাই, ফটিকছড়ি ও কর্ণফুলী থানায় ডাকাতি, ছিনতাই, মাদক ও চুরির অন্তত ৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (গতকাল) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











