আনোয়ারায় ১০ মামলার দুর্ধর্ষ আসামি উপজেলার কিশোর গ্যাং লিডার, থানার তালিকাভুক্ত দাগী আসামি সম্রাট গ্রুপের প্রধান শাহজাহান প্রকাশ সম্রাটকে (২৫) দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে শোলকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তার তার দুই সহযোগী হলেন একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. কামাল (৪৯) ও সৈয়দ নূরের স্ত্রী রুবি আক্তার (৩৭)।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সম্রাট শাহজাহানের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ বিভিন্ন থানায় চুরি, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০ এর অধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
আনোয়ারা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার ভোরে হাসপাতাল সংলগ্ন ভবনে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে সম্রাট গ্রুপের অন্যতম সদস্য ও আনোয়ারা থানা পুলিশের তালিকাভুক্ত দাগী আসামি মো. মহিন নিহতের ঘটনার পর সম্রাট গ্রুপের সদস্যরা একাধিকবার হামলা চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ ও কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। এসময় স্থানীয় আবু তাহেরের দোকানে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে পরবর্তীতে আবু তাহের চাঁদা দিতে অস্বীকার করলে বুধবার বিকালে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ী আবু তাহের ও মো. তাহেরকে আহত করে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা হয়। তার আগে গত সপ্তাহে শোলকাটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নঈম উদ্দীনের বসতঘরে চুরির ঘটনায়ও আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া সম্রাট ও তার গ্রুপের কয়েক ডজন চিহ্নিত দুষ্কৃতকারীর বিরুদ্ধে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধের অর্ধশতাধিক অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গত এক সপ্তাহে শোলকাটা এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং লিডার সম্রাট বাহিনী বেপরোয়াভাবে বিভিন্ন অপরাধ সংঘটিত করে। এরই মধ্যে গত সোমবার ভোরে হাসপাতাল সংলগ্ন স্থানীয় বিল্ডিং এ চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে সন্ত্রাসী মহিমের মৃত্যুর পর সম্রাট বাহিনী আরো বেপরোয়া হয়ে ওঠে। মহিমের মৃত্যু ইস্যুকে সামনে রেখে ব্যবসায়ীর উপর হামলা, চাঁদা দাবি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ভাংচুরসহ সঙ্গবদ্ধ চক্রটি একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। গত বুধবার সকালে পুলিশ দুই দফা অভিযান চালিয়ে চক্রটির অন্যতম প্রধান সম্রাটসহ আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো চক্রটি নির্মূল করতে পুলিশ কাজ করছে। তিনি আরো জানান, গতকাল পর্যন্ত গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা হয়েছে।












