আনোয়ারায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ২

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ নোয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আবদুল হাফেজ (৫০) ও ফজলুল করিম (৩৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত আবদুল হাফেজ বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার সূত্রপাত। শনিবার দুপুরে ভুক্তভোগীরা তাদের বসতবাড়ির বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আবদুল হাফেজ ও ফজলুল করিম আহত গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন সীমানা প্রাচীরটিও ভাঙচুর করে।

হামলার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, তৈলারদ্বীপ এলাকায় মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আবদুল জব্বার (রাহঃ) ছিলেন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন
পরবর্তী নিবন্ধপেকুয়ায় দম্পতিসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ইয়াবা ও নগদ টাকা জব্দ