আনোয়ারায় সরকারি প্রতিষ্ঠানের যাত্রীসেবামূলক বাস বিআরটিসির চালককে লাইনম্যান ও লোকাল বাসস্টাফদের মারধরের অভিযোগ উঠেছে। এসময় চট্টগ্রাম-আনোয়ারা সড়কে বিআরটিসি বাস না আনারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এসব লাইনম্যান ও বাসস্টাফদের বিরুদ্ধে।
বুধবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিআরটিসির চালক মোঃ যুবরাজ (২৬) বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, প্রতিদিনের মত ঘটনারদিন সকালে চাতরী-চৌমুহনী বাজারে আসলে বিআরটিসি বাসে যাত্রী উঠানোর সময় চাতরী চৌমুহনী বাজারের নিয়োজিত লাইনম্যান ও চট্টমেট্রো-জ-০৪-০১৫৭ রেজিঃ নাম্বারের গাড়ির চালক ও সহকারী সহ মোট ৫/৬ জন ব্যক্তি আমাকে চারপাশ থেকে আক্রমণ করে মারধর করে গাড়ী হইতে নামিয়ে ফেলে।
এবং আমার শার্টের পকেটে থাকা সাড়ে ৩হাজার টাকা নিয়ে ফেলে। এসময় তারা বিআরটিসির আওতাধীন গাড়ী এই সড়কে আসলে ২/১ দিনের মধ্যে গাড়ীর যে কোন ড্রাইভারের লাশ ফেলবে মর্মে হুমকি দেয়।
এদিকে আনোয়ারার স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আনোয়ারা উপজেলার চাতরী থেকে নিউ মার্কেট পর্যন্ত বিআরটিসি বাস চলাচলকে সাধুবাদ জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












