আনোয়ারায় পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। শনিবার দুপুরে এ ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিন রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর তিন অভিযুক্তকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো জুঁইদন্ডী ইউনিয়নের
খুরুস্কুল গ্রামের খায়ের আহমদের পুত্র মো. পারভেজ (২১) ও বটতলী ইউনিয়নের আব্দুন নূরের পুত্র ইকবাল (২৮)।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, জুঁইদন্ডী ইউনিয়নের ভুক্তভোগী মেয়েটি কেইপিজেডে চাকরি করেন। গুন্দীপ গ্রামের রুবেল নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ সেপ্টেম্বর রুবেল মেয়েটিকে মোবাইলে বটতলী তালুকদার ক্লাবে যেতে বলে। মেয়েটি সেখানে গেলে তাকে কৌশলে সিএনজি টেক্সিতে করে রায়পুরের গোদারপুল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই দিন ধরে আটকে রেখে ৫ জন মিলে ধর্ষণ করে। পরে সেখান থেকে ছাড়া পেয়ে ঘটনার কথা তার পরিবারকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করলেও প্রেমিক রুবেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সে ঘটনার পর আত্নগোপনে চলে যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, জুঁইদন্ডী এলাকার একটা মেয়ের সাথে স্থানীয় এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ঐ ছেলে মেয়েটিকে কৌশলে ডেকে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করে। গত শনিবার মেয়েটির মা থানায় অভিযোগ দিলে পুলিশ রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী ভূমি অফিসে দালাল আটক
পরবর্তী নিবন্ধআইইডিসিআর’র ৪ সদস্যের টিম চট্টগ্রামে, যাবেন রোগীদের বাসা-বাড়িতেও