আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ৭:৫২ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইসময় তাঁদের কাছ থেকে কিরিচ, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন (২৪), মো. রায়হান (২৩), মো. হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মো. মিনহাজ (২০)। তাঁরা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাঁদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সংঘবদ্ধ হয়ে ডাকাতির জন্য জড়ো হলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আজই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পলাতক ১০-১৫ জনকেও শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাই কলেজে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বিক্ষোভ, গেটে তালা