আনোয়ারায় সিএনজিচালিত টেঙিচালক মো. সাজ্জাদ (২২) হত্যা মামলার আসামি লিয়াকত আলীকে (৪৮) পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গত শনিবার মধ্যরাতে নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লিয়াকত আলী বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাসিন্দা মৃত শফিকুল ইসলামের পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় সাজ্জাদের হাত–পা বাঁধার জন্য গামছা কেনেন লিয়াকত আলী। পরে হাত পা বেঁধে দুইটি ধারালো ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়। লাশের পরিচয় না পাওয়ার জন্য হত্যাকারীরা চোখ উপড়ে ফেলে। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, সাজ্জাদ হত্যা মামলায় লিয়াকত সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর টেঙিচালক সাজ্জাদ নিখোঁজ হন এবং চার দিন পর ১৮ সেপ্টেম্বর বরুমছড়া ইউনিয়নের কানু মাঝির হাট এলাকার একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।












