আনোয়ারায় অনুমোদন ছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হাসপাতাল ও স্টার ল্যাব নামের ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বন্দর সেন্টারে অনুমোদন ছাড়া প্রসূতি মায়ের সিজারিং অপারেশনসহ স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার দায়ে ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা ও ছায়াপথ ক্লিনিকের ওটি সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এরপর চাতরী চৌমুহনী বাজারে অবস্থিত স্টার ল্যাবে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন কাগজপত্র, টেকনিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতাসহ নানা অসংগতির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মো. সাইফউদ্দিনসহ চিকিৎসক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান, ছায়াপথ ক্লিনিকের ওটি কার্যক্রম অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ার কারণে সব ধরনের সিজারিং কার্যক্রম বন্ধসহ ২৫ হাজার টাকা ও চাতরী চৌমুহনী বাজারের স্টার ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।










