চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে দুই পরিবারের ৩ গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এসব গরুর দাম প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, স্থানীয় কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুব।
ঘটনার বিষয়ে কামালের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরের দিকে পাশের বাড়িতে ১টি গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা ভাঙা ও তালা কাটা। পরে দু’টি গরু না পেয়ে নিশ্চিত হন সেগুলোও চুরি হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।











