আনোয়ারায় একরাতে মোহাম্মদ কামাল উদ্দিন নামের এক দরিদ্র কৃষকের ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে আনোয়ারা সদরের বিলপুর ৯ নং ওয়ার্ডের ইউছুফ আলী মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কামাল উদ্দিন জানান, আমার বসতঘরের সাথে লাগানো গোয়ালঘর। প্রতিদিনের মতো রাত দুইটায় গোয়ালঘরে গরু দেখে তালা লাগিয়ে ঘুমাতে যাই। রাত পৌনে ৩ টার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে গোয়ালঘরে গিয়ে দেখি আমার ৪ টি গরু নিয়ে গেছে চোরেরা।
চুরি হওয়া গরু ৪ টির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার এস আই কাউসার হুসাইন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












