খ্যাতিমান নৃত্যশিল্পী প্রমা অবন্তীর স্বপ্নের প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম ২৩ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিকল্পনায় ‘আলোয় আলোয় রবীন্দ্র-নজরুল গীতি আলেখ্য’ শিরোনামে এ অনুষ্ঠানে শতাধিক শিল্পী অংশ নেয়। আখড়া, মঙ্গলাচরণ, পল্লবী (যুগাদন্ড), বসন্ত পল্লবী, রাম ভজন (শ্রীরাম), অভিনয় (কাঁহি গলে মুরলী পুংকা) ও মোক্ষ ওড়িশী নৃত্য পরিবেশন করে শিল্পীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
বক্তাগণ বলেন, দীর্ঘ সময় ধরে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার দেশে বিদেশে তিনশর বেশি একক ও দলীয় নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছে। ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের উদ্যোক্তা প্রমা অবন্তী প্রাতিষ্ঠানিক শিক্ষায় দীক্ষিত প্রথম বাংলাদেশি ‘ওড়িশী’ নৃত্যশিল্পী। উচ্চাঙ্গ নৃত্য পরিবেশনের পাশাপাশি এই প্রতিষ্ঠান ওড়িশী নৃত্য শিল্পী তৈরিতে বিগত ২২ বছর ধরে অগ্রনী ভূমিকা রেখে চলেছে। প্রমা অবন্তী বলেন, আমি এবং আমার প্রতিষ্ঠান বিশ্বাস করে, নেচে গেয়ে আনন্দ চিত্তে জেগে উঠুক তাদের অন্তর্জগৎ এবং কল্পনার জগতে সৃষ্টি হোক অবাধ ভাবনার স্বাধীনতা। প্রসঙ্গত, প্রমা অবন্তী রবীন্দ্রভারতীতে অধ্যয়নকালে ‘চন্ডিগড়’ বৃত্তি ও ‘উদয়শঙ্কর’ বৃত্তি লাভ করেছিলেন। তিনি প্রবাদ প্রতীম নৃত্যগুরু পদ্ম বিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রর বাংলাদেশী একমাত্র শিষ্যা। প্রমা অবন্তী বর্তমানে তাঁর
নিজের প্রতিষ্ঠান ‘ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে এই প্রতিষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে ওড়িশী নৃত্য চর্চা করে চলেছেন। ইতোমধ্যে তাঁর শিষ্যরা অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানিতে ওড়িশী নৃত্য প্রচারে ভূমিকা রাখছেন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২১ বছর উদযাপন উপলক্ষে উচ্চাঙ্গ নৃত্যের বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানে ভূষিত করে ২০১৭ সালে। তিনি আরও বহু সম্মানে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাকালীন অতিথি শিক্ষক ও জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের নৃত্য প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।












