আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পশ্চিম ষোলশহরের আলমগীর খানকাহ–এ–কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও মাসব্যাপী ইফতার মাহফিল গতকাল বৃহস্পতিবার ১ম রমজান হতে শুরু হয়। এতে আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষসহ হাজার হাজার রোজাদার অংশগ্রহণ করে। গতকাল ছিল বড়পীর গাউসুল আযম দস্তগীর শেখ মুহিউদ্দীন সৈয়্যদ আবদুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর ৯৭৭ তম বেলাদত শরীফ ছিল। এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বড়পীর হুজুর গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) জন্মের ১ম দিনই রোজা রেখেছিলেন। ছরকারে বাগদাদ, বড়পীর হুজুর গাউছে পাক ইরশাদ করেছেন, আমার মুরিদের উপর আমার হাত তেমনি, যেমন যমীনের উপর আসমান রয়েছে। যদি আমার মুরিদ পা পিছলে পড়ে যায়, আমি তার হাত ধরে রক্ষা করবো। এজন্য আমরা তাঁর সৈনিক হতে পেরে গর্বিত। আল্লাহপাক রাব্বুল আলামীন আমাদেরকে তাঁর প্রিয় ওলীর পবিত্র ফয়েজ, বরকত নসীব করুন এবং আমাদের হুজুর গাউছে পাকের যথার্থ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন! আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক ইফতার মাহফিল সম্পর্কে তিনি বলেন, প্রতিদিন আলমগীর খানকাহ্ শরীফে হাজার হাজার রোজাদার ইফতার করেন। ধনী–গরিব সব শ্রেণির মানুষ এখানে ইফতার করতে আসেন। তাই এখানে কোনো বর্ণভেদ নেই। প্রতিদিন সহস্রাধিক রোজাদারকে ইফতার করাতে পেরে আমরা যেমন আনন্দিত, অন্যদিকে এজন্য প্রচুর নগদ অর্থ ও ইফতার সামগ্রীর প্রয়োজন। এর যোগান আসছে আপনাদের নিকট থেকেই। তাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনাদের দানের হাত আনজুমানের জন্য সুপ্রসারিত করুন। বাদে আসর পবিত্র খতমে গাউসিয়া শরীফ, মিলাদ ক্বিয়াম ও আলোচনা শেষে মোনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।











