আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের উদ্যোগে গত ৪ এপ্রিল শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিখন ঘাটতি নিরূপণ এবং কার্যকর শিক্ষণ কৌশল বিকাশের লক্ষ্যে ‘শিখন ঘাটতি অনুধাবন : কার্যকর শিখন উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল হালিশহর মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল এবং চন্দনাইশ পাঠানদণ্ডি তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আয়োজনে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হল রুমে নিবন্ধনের মাধ্যমে কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন ক্বারী নূরুল ইসলাম, নাতে মোস্তফা পরিবেশন করেন মাওলানা আব্দুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম রিজভী। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী ও অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন। কর্মশালার রূপরেখা উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ গোফরান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, এবং চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন। উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধনী পর্ব শেষে প্রাক–কর্মশালায় প্লেনারি সেশনসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈমউদ্দিন ‘কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ে আলোচনা করেন। প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন ‘কার্যকর শিক্ষণ কাঠামো এবং প্রফেসর মুহাম্মদ গোফরান ‘পরীক্ষা ও খাতা মূল্যায়ন’ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণ প্রশাসন, ভর্তি, একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন, গবেষণা, প্রশিক্ষণ সুবিধা, শৃঙ্খলা, কর্মী সন্তুষ্টি, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভিশন ও মিশনসহ বিভিন্ন বিষয়ে সমস্যাসমূহ চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করেন। বিকালের সেশনে ‘মাদ্রাসা শিক্ষা– চ্যালেঞ্জ ও সমাধান’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন। সমাপনী অনুষ্ঠানে টিম লিডারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে আনজুমান ট্রাস্টের ফাইনান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর শুভেচ্ছা বক্তব্য ও অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।














