জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ‘অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ’ শ্লোগান সম্বলিত অ্যাভাঁগার্ড’র ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসবের ৩য় দিন গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় অ্যাভাঁগার্ডের নাটক ‘নবান্ন ফিরে আস’ মঞ্চস্থ হয়। সুমন টিংকু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার।
নাটকটিতে উঠে আসে, মৃত্তিকার কাহিনি। মৃত্তিকালঙ্গ সন্তানগণ মৃত্তিকামগ্ন হয়েই জন্মস্বাদ আস্বাদন করে আনন্দিত হয়। সনাতন মৃত্তিকাই গর্ভধারিণী, তাদের। তাদের পারস্পরিক সহজাত ভালোবাসার সম্পর্ক অনাদিকালের। মাতৃদুগ্ধের সাথে গর্ভজাতের এই নাড়ির বন্ধনের মতোই এই সম্পর্ক। অথচ লোভের বশবর্তী সন্তান মা–রূপী মাতৃভূমির ক্ষতি করতেও দ্বিধা করে না। ইতিহাস অবাক নয়নে দেখে, জননীর হত্যাযজ্ঞের মঞ্চ সাজায় তারাই আত্মজ। সাম্রাজ্যবাদের কালো থাবায় অসহায় আত্মসমর্পণ করতে উদ্যত মৃত্তিকা–সন্তান প্রতিরোধের আগুন নিয়ে কালপুরুষের তেজোদৃপ্ততায় রুখে দাঁড়ায় সীতা দেবীরূপী রক্তাম্বরধারিণী জননী।
অভিনয়ে অংশ নেন শামসুল কবির লিটন, রহিমা খাতুন লুনা, রেহেনা আক্তার, রেজাউল করিম আলমগীর, মো. পারভেজ, হেমা বড়ুয়া, মো. আতিকুর রহমান, মো. জানে আলম, নাহিদ আফরোজ, ফরহাদ আহমেদ, নুহাশ আলম ও সাফাত জামিল।
আজ রোববার সন্ধ্যে ৭ টায় প্রতিভাস নাট্য সমপ্রদায় পরিবেশন করবে নাটক ‘পাপ’। সমরেশ বসুর গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি তৈরি করেন সুমন টিংকু এবং নির্দেশনা দিয়েছেন কঙ্কন দাশ। টিকেট মিলনায়তনের কাউন্টারে এবং ০১৭৭৮৭৯৯৩৭৮ নম্বরে অনলাইনে অগ্রিম পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।














