আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক

অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (আজ) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। একই সঙ্গে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আজ রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা এ সময়সূচির বাইরে থাকবে বলেও জানানো হয়।

এতে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্পকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এদিকে সরকারের সিদ্ধান্ত হলো জরুরি সেবা ব্যতীত সব বিপণিবিতান (মার্কেট), অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ব্যবসায়ী প্রতিনিধিরা রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলার দাবি জানান। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহটস্পটের তালিকায় বৃহত্তর চট্টগ্রামের রামু ও মহেশখালী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ২৮ জন হাসপাতালে ভর্তি