চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে বিজয়ী প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম আগামীর বাঁশখালী বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনে আপনারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমার প্রতি যে সমর্থন দিয়েছেন তাতে আমি অভিভূত। আপনাদের এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা আমি আমার কর্ম, নিষ্ঠা ও সেবা প্রদানের মাধ্যমে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, শুধুমাত্র রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন নয়, এই প্রিয় জনপদের প্রত্যেক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা আমার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে, বৈষম্যহীন একটা জনপদ প্রতিষ্ঠিত করা আমার অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি আপনাদের সহযোগিতা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক এক সমৃদ্ধ ও মডেল বাঁশখালী গড়তে চাই। আমরা নির্বাচিত হওয়ার আগে যেসব ইশতেহার ঘোষণা করেছি, দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই আমরা আমাদের সেই ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করতে চাই। শুধুমাত্র ইশতেহারে সীমাবদ্ধ না থেকে ‘যেখানে সমস্যা সেখানেই সমাধানের পথ’ বের করে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চাই আমরা। আপনারা আমাদের সাথে থাকুন।
তিনি আরও বলেন, প্রিয় বাঁশখালীবাসী, আমি আপনাদের দোয়া, সহযোগিতা কামনা করছি। আগামীর বাঁশখালী বিনির্মাণে আপনিও কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে শামিল হোন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পান ৮৯ হাজার ৯৬০ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পান ৮২ হাজার ২৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) পান ৫৫ হাজার ৭১ ভোট ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক) পান ৩ হাজার ৯৭৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) পান ৮১১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৪১ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) পান ১০৪ ভোট।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এক প্রতিক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট সমপ্রদানের জন্য নির্বাচনে দায়িত্বরত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।











