প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে পরীক্ষামূলকভাবে আগস্টের মাঝামাঝি ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে চালু করা হবে ‘প্রবাসী ডেবিট কার্ড’। প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন।
তিনি বলেন, এ কার্ড দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়েল কারেন্সি কার্ড এর মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বলা হয়, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড দেওয়া হবে। ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।












