মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আকাশপথে সংকট কাটেনি। এর ধারাবাহিকতায় গতকাল সোমবারও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকায় গতকাল সারা দিনে মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৩টি আগমন (এরাইভাল) এবং ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়। তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৪টি আগমন ফ্লাইট এবং ৩টি বহির্গমন ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ থেকে চট্টগ্রাম রুটে এয়ার আরাবিয়ার ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গতকালেরর ৬টি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।










