টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়ানোর পর ম্যাচ জেতানো বাউন্ডারিও মেরেছেন সিকান্দার রাজা। তাতে পাকিস্তানের সাইম আইয়ুবকে সরিয়ে এই সংস্করণের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স এসেছে বিবেচনায়। গত সোমবার ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে ১০৩ রানে গুটিয়ে দেওয়ার পথে ৪ ওভারে স্রেফ ১৭ রান দিয়ে ১ উইকেট নেন রাজা। পরে রান তাড়ায় পাঁচে নেমে এক চারে ২ বলে ৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এই পারফরম্যান্সে সাইম (২৮২) থেকে ১৭ রেটিং পয়েন্ট এগিয়ে গেছেন রাজা (২৯৯)। গত নভেম্বরে টি–টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে প্রথমবার শীর্ষে ওঠেন রাজা। পরে তাকে পেছনে ফেলে চূড়ায় জায়গা করে নেন সাইম। টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন ২৫তম স্থানে রাজা। ১৮ রানে তিন উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়েছেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ের পেসার আছেন যৌথভাবে ১৫তম স্থানে। ১৭ রানে তিন উইকেট নিতে রিচার্ড এনগারাভা (৪৮তম) ১৩ ধাপ এবং ১৬ রান খরচায় তিন উইকেট নেওয়ার ব্লেসিং মুজারাবানি (৭৩তম) ২৬ ধাপ এগিয়েছেন। ভারতের অর্শদিপ সিং, পাকিস্তানের সালমান মির্জা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, স্কটল্যান্ডের ব্র্যাড কারি, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, হ্যাটট্রিক করা ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ও শামার জোসেফ, নেপালের সান্দিপ লামিছানেসহ আরও অনেকে উন্নতি করেছেন। টি–টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী। আর ব্যাটসম্যানদের তালিকায় চূড়ায় যথারীতি তার সতীর্থ অভিশেক শর্মা। দুইয়ে আগেরই মতোই ইংল্যান্ডের ফিল সল্ট। তৃতীয় স্থানে এসেছে পরিবর্তন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান চার ধাপ এগিয়ে এখন তিন নম্বরে। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শ্রীলঙ্কার কুসাল মেন্ডিস, স্কটল্যান্ডের জর্জ মানজি, ভারতের ইশান কিষান, নেদারল্যান্ডসের মাইকেল লেভিট, নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন, ইংল্যান্ডের জেকব বেথেল, ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারদের।









