ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই টি–টোয়েন্টিতে তানজিদ হাসানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। বোলারদের মধ্যে উন্নতি করেছেন শেখ মেহেদি হাসান ও তানজিম হাসান। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করা হয়েছে। এতে টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ২০ ধাপ এগিয়েছেন তানজিদ। ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে আছেন তিনি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এখন সবার ওপরে। বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে আছেন মেহেদি। তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে তানজিম। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে তিনটি করে ছক্কা–চারে ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ। শেষ ম্যাচে ৪ ছক্কা ও ৯ চারে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে ৪ ওভারে স্রেফ ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মেহেদি। আর দ্বিতীয় ম্যাচ খেলা তানজিম ছিলেন উইকেটশূন্য। দুই ম্যাচে ৫ উইকেট নেয়ার পরও রিশাদ হোসেনের অবনতি দুই ধাপ, অবস্থান ২৬তম। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নাসুম আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে মোস্তফিজুর রহমান, এক ধাপ নিচে নেমে আছেন দ্বাদশ স্থানে।










