আইসিসি-এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ও কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বোর্ড প্রধানই। পাশাপাশি আইসিসির পরামর্শক্রমে রাখা হয়েছে বিসিবির প্রধান নির্বাহীকেও। বোর্ডের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তানজিল চৌধুরি। অ্যাডহক কমিটির এই সদস্য নাজমুল হাসান পাপনের প্রথম দফার দায়িত্বে ছিলেন বোর্ড পরিচালক। আইসিসি ও এসিসিতে তামিমকে প্রতিনিধি করার ব্যাপারটি তুলে ধরেন তানজিল। ‘আরেকটি সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ক্রিকেট বোর্ড থেকে। সেটা মূলত বাই ট্রাডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা প্রেসিডেন্ট মহোদয় অ্যাটেন্ড করেন।

আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি। পাশাপাশি যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা নির্বাচিত কমিটি নই বা বোর্ড নই, আইসিসি আমাদেরকে গাইড করেছে যে, এখানে সিইও থাকলে ভালো হয় পদাধিকার বলে। সেটাও আমরা অনুমোদন করেছি।’ তানজিলের এই কথা থেকে আরেকটি ব্যাপারও পরিষ্কার হয়ে গেছে। আইসিসি যেহেতু এখানে পরামর্শ দিয়েছে তাদেরকে, এই অ্যাডহক কমিটি নিয়েও তাদের আপত্তির থাকার কথা নয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় যুব হ্যান্ডবল দলের ট্রায়ালে চট্টগ্রামের দুই খেলোয়াড়
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু