টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি ম্যাচ হেরেছে আয়ারল্যান্ড। তৃতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। ওমানকে ৯৬ রানে হারিয়ে অন্তত গাণিতিকভাবে সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে। গ্রুপ ‘সি’–তে এদিন টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির গড়ে আয়ারল্যান্ড। কলম্বোতে টস হেরেও ৫ উইকেটে করেছে ২৩৫ রান। ইনজুরিতে ছিটকে পড়া পল স্টার্লিংয়ের পরিবর্তে অধিনায়কত্ব করা লরকান টাকার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার। শেষ তিন ওভারেই আইরিশরা আটটি ছক্কা মেরেছে। শেষ পাঁচ ওভারে আসে ৯৪ রান। বড় স্কোরের পথে টাকারকে সহায়তা করেন গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেল। ৩০ বলে ৩চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে ফেরেন ডেলানি। শেষ দিকে ডকরেলই ওমানের ওপর তাণ্ডব চালিয়েছেন। মাত্র ৯ বলের ক্যামিও ইনিংসে ৫ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। ইনিংসের শুরুতে ৪৪ বছর বয়সী আমির কালিম ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেললেও এরপর দ্রুত উইকেট পতনের ধাক্কায় ছিটকে পড়ে দলটি। ৩৭ বলে ৪৬ রানে আমির কলিমকে সঙ্গ দিয়েছিলেন হাম্মাদ মির্জা। ১০ ওভার শেষেও দলটির স্কোর ছিল ২ উইকেটে ৮৫ রান। আমির কালিম ফিফটির পর ফিরতেই ধস নামে ইনিংসে। ৯৭ রানে তৃতীয় উইকেট হারানো দলটি ১১৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে। তার পর তো ১৮তম ওভারেই গুটিয়ে গেছে ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে ১৬ রানে ৩টি উইকেট নেন জশ লিটল। দুটি করে নিয়েছেন ম্যাথু হামফ্রিজ ও ব্যারি ম্যাকার্থি।










