চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, নদী থেকে বালু উত্তোলন বন্ধে তার নির্বাচনী অঙ্গীকার রয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গায়ের জোরে নয়, আইনের মাধ্যমেই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
হুমাম কাদের চৌধুরী বলেন, গত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা বালু ব্যবসা দেখভাল করেছে, তাদের সময়েও কার্যক্রম বন্ধ হয়নি, কেবল হাতবদল হয়েছে। বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা গেলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ–বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী প্রমুখ।












