রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অপরাধীদের তৎপরতা বন্ধে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী চন্দ্রঘোনা বনগ্রাম পাহাড়ি এলাকাগুলোতে এই তল্লাশি অভিযান চালায়। মূলত পাহাড়ি জনপদে মাদক পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলা হয় এবং কোনো প্রকার সন্দেহভাজন ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত থানাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। পাহাড়ি অঞ্চলে যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী বা অপরাধী চক্র আস্তানা গাড়তে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে অপরাধীরা যাতে নিরাপদ আশ্রয় না পায়, সেজন্য পর্যায়ক্রমে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।পাহাড়ি এলাকায় পুলিশের এই আকস্মিক অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।












