আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর জেরা অব্যাহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদীর জেরা চতুর্থ দফায় শেষ হয়নি। গতকালও আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আগামী ২৯ এপ্রিলও বাদীর জেরা গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন। এদিন ৩৯ আসামির মধ্যে কারাগারে থাকা ২৫ আসামি আদালতে হাজির ছিলেন। ২৪ জনকে স্বশরীরে আর অপরজন তথা মামলার প্রধান আসামি চিন্ময় দাশকে ভার্চুয়ালি হাজির করা হয়। বাদীর আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, ৩৯ আসামির মধ্যে আজকে (গতকাল) ২৪ জন আসামির পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেছেন। তবে চিন্ময় দাশের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার কাছে জানতে চেয়েছেন যে, তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত আছেন কি না এবং তিনি জেরা করবেন কি না। এসময় চিন্ময় দাশ আইনজীবীর সাথে কথা বলে জানাবেন মর্মে মৌখিকভাবে সময় প্রার্থনা করেন। একপর্যায়ে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মূলত সময়ক্ষেপণ করতেই চিন্ময়ের

আইনজীবীরা আদালতে আসেন নিবলেন আইনজীবী রায়হানুল। এর আগে গত ২ ফেব্রুয়ারি আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী ও ভিকটিম আলিফের বাবা জামাল উদ্দিন। দেশজুড়ে আলোচিত আইনজীবী আলিফ খুনের মামলায় গত ১৯ জানুয়ারি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশিসহ নিহত ৪