বেশ কিছুদিন ধরে চট্টগ্রামেও অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। তবে এতদিন মহানগরে সীমাবদ্ধ থাকলেও এখন উপজেলাতেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে নতুন দুশ্চিন্তা ভর করে স্বাস্থ্য বিভাগেও। ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক বরাবর চিঠি দেয় সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর স্বাক্ষরে গত ১২ সেপ্টেম্বর এ চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার সদস্যের একটি টিম চট্টগ্রামে এসে পৌঁছেছে। গতকাল (রোববার) থেকেই তারা কাজ শুরু করে দিয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানেই মূলত আইইডিসিআর’র এ টিম চট্টগ্রামে এসেছে। রোববার তারা ডেঙ্গু রোগী ভর্তি থাকা বিভিন্ন হাসপাতালে গেছেন। রোগীদের সাথে কথা বলেছেন। রোগীদের বাসা-বাড়ির ঠিকানাও সংগ্রহ করছেন। পরে তারা বাসা-বাড়িতে গিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। নমুনা হিসেবে মশার লার্ভা সংগ্রহ করবেন। যে কয়দিন সময় লাগে, তারা সে কয়দিন কাজ করবেন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের একজন প্রতিনিধি ওই টিমে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম ১২ দিনে ১৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। আর জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মহানগরসহ জেলায় মোট ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এই কয়দিনে মোট আক্রান্তের সংখ্যা চারশ ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।













