আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) নারী ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) ও অ্যাসিস্ট্যান্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন নবনিযুক্ত প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক সিআর ও এসিআর অংশ নেন। সভায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসের পরিবেশ, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরার সুযোগ দেওয়া হয়।
এ সময় ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের গঠনমূলক মতামত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবনিযুক্ত প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীও শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।











