আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুরস্কভিত্তিক দাতা সংস্থা টার্কি দিয়ানত ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুর্কি দূতাবাসের রিলিজিয়াস এটাশে ওজগুর ওজ্যুরেক, আইআইইউসি’র নব নিযুক্ত প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.) প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দূতাবাসের প্রতিনিধি ওজগুর ওজ্যুরেকে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলী আজাদী বলেন, রমজান মাস বরকত ও নাজাতের মাস, কারণ এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। রোজা মানুষকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি দেয়। তবে রোজার শিক্ষা যদি কেবল এক মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তার প্রকৃত সুফল পাওয়া যায় না। তিনি বলেন, যেমন শ্রেণিকক্ষের পাঠ বাস্তব জীবনে প্রয়োগ না হলে তা অর্থবহ হয় না, তেমনি রমজানের আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা যদি বাকি সময়েও অব্যাহত না থাকে, তবে সিয়ামের লক্ষ্য পূরণ হয় না। আত্মশুদ্ধি, তাকওয়া ও নৈতিক উৎকর্ষ অর্জনের মধ্য দিয়েই রোজার প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
ভাইস–চ্যান্সেলর এ আয়োজনের জন্য টার্কি দিয়ানত ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, টার্কি দিয়ানত ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আইআইইউসির শিক্ষার্থীদের বৃত্তি ও বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে, যা তাদের উচ্চশিক্ষা ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার শিক্ষা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তুর্কি দূতাবাসের প্রতিনিধি ওজগুর ওজ্যুরেক বলেন, রমজান আত্মসংযমের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সংহতির বার্তা দেয়। তিনি উল্লেখ করেন, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে শিক্ষার্থীদের রমজান ও ইসলামী জীবন বিষয়ক বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আযহারি, প্রফেসর ড. শাফীউদ্দিন মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।











